আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের এই আগ্রাসী হামলা ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সুস্পষ্ট আঘাত। একই সঙ্গে এটি জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারাসহ আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার গুরুতর লঙ্ঘন।"
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের পদক্ষেপ পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও সংঘাতের পরিধি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলায় নিহত ইরাকি নাগরিকদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। পাশাপাশি ইরাকের সরকার ও জনগণের প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এবং এ অঞ্চলে তাদের সহযোগীরা এই অপরাধমূলক, অমানবিক ও উসকানিমূলক কর্মকাণ্ডের সম্ভাব্য সব বিপজ্জনক পরিণতির দায় বহন করবে।
এদিকে, ইরাকের প্রেসিডেন্টের কার্যালয়ও এক বিবৃতিতে দেশের বিভিন্ন অঞ্চলে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (হাশদ আল-শাবি)-এর সদর দপ্তরে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা ইরাকের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং দেশটির সরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগ্রাসনের শামিল।
Your Comment